রাজগঞ্জ, ১৪ নভেম্বরঃ রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব। কেটে নষ্ট করা হয়েছে লক্ষাধিক টাকার ধান ও চা গাছ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া এলাকায়।
অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলাকার একাধিক কৃষিজমি ও চা বাগানে তাণ্ডব চালায়। আধবিঘা জমির পাকা ধান কেটে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি মদনবাড়ি চা বাগানের শাখায় প্রায় ২০০টি ছোট-বড় চা গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দা আলিয়ার রহমানের জমিরও প্রায় ৭০ থেকে ৭৫টি চা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, এবছর ধান ও চা পাতার ফলন বেশ ভালো হয়েছিল। ফসল ঘরে তোলার আগেই এভাবে গাছ ও ধান নষ্ট করে দেওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, তা নিয়ে উঠছে প্রশ্ন।ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তরা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাদের দাবি, এটি চুরির ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে ফসল ও গাছ নষ্ট করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।





