রাজগঞ্জ, ১৬ অক্টোবরঃ পঞ্চমীর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রাজগঞ্জের শ্রীসঙ্ঘ ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবের। এবছর ক্লাবের পুজো ৭০তম বর্ষে পদার্পণ করেছে। বিশেষ এই বছরকে স্মরণীয় করে তুলতে অভিনব থিম ও আকর্ষণীয় আলোকসজ্জার আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা।
এবার শ্রীসঙ্ঘ ক্লাবের পুজোর থিম ‘পর্দালয়ে মা দুর্গা’। থিমের অভিনবত্বের পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জাও দর্শনার্থীদের নজর কাড়ছে। পঞ্চমীর সন্ধ্যা থেকেই পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, বিডিও শুভঙ্কর দাস এবং সমাজসেবী তথা বিজেপি নেতা দিলীপ চৌধুরী-সহ অন্যান্যরা।
পুজোর আগামী দিনগুলিতে আরও বেশি সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী শ্রীসঙ্ঘ ক্লাবের পুজো উদ্যোক্তারা।





