রাজগঞ্জ, ২৫ নভেম্বরঃ রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের, দখল নিল বিজেপির। প্রধান হলেন বিজেপির স্নিগ্ধা ওরাও। বুধবার বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে নতুন করে বোর্ড গঠন হয়।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৭টি এবং বিজেপি পেয়েছিল ৯টি আসন ও ১ টি পেয়েছিল সিপিএম। এদিন বোর্ড গঠনের সময় মোট ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেন তৎকালীন প্রধান। এরপরই নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব নেন।
নতুন প্রধান দায়িত্ব নেওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। প্রধানকে সঙ্গে নিয়ে ব্যান্ডপার্টির তালে চলে বিজয়োৎসব। কর্মী-সমর্থকরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন।





