রাজগঞ্জ, ১৬ অক্টোবরঃ রাজগঞ্জের দশদরগা এলাকায় দুটি কনটেনারের সংঘর্ষ।সংঘর্ষের জেরে গাড়ির কেবিনে আটকে পড়েছিলেন চালক।দুমড়ে মুচড়ে যাওয়া কেবিন থেকে উদ্ধার করা হয়েছে চালককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জাতীয় সড়কের বাম্পারের কারণে সামনের একটি কনটেনার আচমকা গতি কমিয়ে দেয়। সেইসময় পিছনে থাকা আরেকটি কনটেনার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িটিতে ধাক্কা মারে। সংঘর্ষে পিছনের কনটেনারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।আহত অবস্থায় চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাড়ির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বের করা সম্ভব হয়নি।
পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করেন। এরপর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবী, দশদরগা এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনা কমানোর জন্য জাতীয় সড়কের ওই অংশে বাম্পার বসানো হয়েছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, বাম্পার বসানোর পর দুর্ঘটনা কমার পরিবর্তে আরও বেড়েছে। তাদের দাবি, বাম্পারের কারণে গাড়ি আচমকা গতি কমিয়ে দেওয়ায় পেছন থেকে ধাক্কার ঘটনা ঘটছে। তাই বাম্পারগুলি সরিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবী জানা স্থানীয়রা।





