ফুলবাড়ি, ২২ নভেম্বরঃ ফুলবাড়িতে রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। রবিবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড়ে ফিতে কেটে ও নারকেল ফাঁটিয়ে একটি পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজের শিলান্যাস করেন তিনি। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হবে।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়িকা শিখা চ্যাটার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল রায়, সমাজসেবী রাহুল বর্মন, মানুনি দাস, উত্তম সরকার-সহ অন্যান্যরা।
অন্যদিকে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা গ্রামেও রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করা হয়। ‘জি রাম জি’ প্রকল্পের ১২৫ দিনের কাজের মাধ্যমে পেভার ব্লক দিয়ে এই রাস্তা নির্মাণ করা হবে। এদিন এই কাজের শিলান্যাস করেন গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম সরকার ও সমাজসেবী রাজীব সাহা-সহ অন্যান্যরা।
একই দিনে ফুলবাড়িতে দুটি এলাকায় রাস্তা নির্মাণের কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।





