রাজগঞ্জ, ২ নভেম্বরঃ রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হলেন ১ ব্যক্তি।। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রাজগঞ্জের ফাটাপুকুর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির নাম সন্তোষ লামা । তিনি ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে রাস্তার উল্টোদিকে একটি দোকানে যাচ্ছিলেন সন্তোষবাবু। সেই সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহত সন্তোষ লামাকে উদ্ধার করে প্রথমে মগরাডাঙ্গী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।





