রাজগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগাঁ সংলগ্ন ঘোষপাড়া লালস্কুল এলাকায় বেসরকারি যাত্রীবাহী বাস ও ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, ঘটনায় আহত ৩ জন।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি ছোট যাত্রীবাহী গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল। আচমকা দু’টি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ছোট গাড়িটি রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ছোট গাড়িতে থাকা তিনজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





