জলপাইগুড়ি, ৮ আগস্ট: নেশাগ্রস্থ অবস্থায় নিজের সাত মাসের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।জলপাইগুড়ি শহরের বোসপাড়া এলাকার ঘটনা।শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, শিশুর বাবা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর নজর এড়িয়ে তার বাপের বাড়ি থেকে সাত মাসের কন্যাসন্তানকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা সন্দেহ করেন এবং পিছু নেন। স্থানীয়দের তাড়া খেয়ে ব্যক্তি শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ।
এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে খবর পেয়ে শিশুর মা-ও সেখানে ছুটে আসেন এবং নিজের সন্তানকে ফিরে পান।
শিশুর মা গীতা মণ্ডলের অভিযোগ, তার স্বামী দিনরাত নেশা করেন। সেই কারণে দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই এবং তিনি বাপের বাড়িতেই থাকেন। অভিযোগ, স্বামী বাড়িতে এসে মেয়েকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে নিয়ে ব্যক্তিকে যেতে দেখে সন্দেহ হয়। এরপর তাড়া করলে তিনি শিশুটিকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
