জলপাইগুড়ি, ১৩ নভেম্বরঃ লাউ-ভাত খেয়ে আজ থেকে শুরু হচ্ছে ছট মহাপর্ব।লাউ নিয়ে বাজারে হাজির বিক্রেতারা।
এদিন সকাল থেকে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে দেখা যায় লাউয়ের চাহিদা। ইন্দিরা গান্ধী কলোনি বাজার, দিনবাজার, স্টেশন বাজার-সহ শহরের একাধিক বাজারে প্রচুর পরিমাণে লাউ নিয়ে বসেছেন বিক্রেতারা।
ছটপুজোর নিয়ম অনুযায়ী, পুজোর প্রথম দিনে ছটব্রতীরা লাউ ও ভাত খেয়ে উপবাসের সূচনা করেন। সেই রীতি মেনেই সকাল থেকেই বাজারে লাউ কিনতে ভিড় করেছেন ক্রেতারা। ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে লাউ।
বিক্রেতারা জানান, প্রতিবছর ছটপুজোর এই দিনে লাউয়ের চাহিদা অনেকটাই বেড়ে যায়। ছটব্রতীদের কথা মাথায় রেখেই তারা এবার বেশি পরিমাণে লাউ বাজারে নিয়ে এসেছেন। সকাল থেকেই শুরু হয়েছে বিক্রি।





