গজলডোবা, ২১ সেপ্টেম্বরঃ নৌকা ছুটিয়ে তিস্তা নদী থেকে উদ্ধার করা হল হস্তিশাবককে।এরপর সেই হস্তিশাবককে বন দফতরের হাতে তুলে দিলেন মৎস্যজীবীরা।
জানা গিয়েছে, গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে একটি হস্তিশাবক তিস্তার জলে ভেসে যাচ্ছিল। বিষয়টি দেখতে পান উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা। তিস্তা ব্যারেজ সংলগ্ন ক্রান্তি-পাঞ্জাব বাঁধ এলাকা থেকে নৌকা নিয়ে নদীতে নামেন তারা। প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে পাড়ে নিয়ে আসেন।
উদ্ধারকারী মৎস্যজীবীদের দাবি, শাবকটি সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে।পরে সেটিকে কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
এদিন এই উদ্ধারকাজে ছিলেন উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্য মিঠু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাস। পাঁচজন মিলে ঝুঁকি নিয়ে নদীর স্রোত থেকে হস্তিশাবকটিকে উদ্ধার করেন।
কিছুক্ষণ পরে শাবকের খোঁজে নদীর পারে এসে পৌঁছায় মা হাতিটি। এরপর কাঠামবাড়ি,সালুগাড়া ও বেলাকোবা রেঞ্জের যৌথ প্রচেষ্টায় মায়ের সঙ্গে জঙ্গলে ফিরে যায় হস্তিশাবকটি।





