জলপাইগুড়ি, ২৭ নভেম্বরঃ জলপাইগুড়িতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠলো।লুট করা হয়েছে নগদ টাকা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া ঘাসিপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু বসাকের বাড়িতে হামলা চালায় কয়েকজন।বাড়ির প্রধান গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।ঘরে রাখা ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করা হয়েছে বলেও দাবি পরিবারের।
ঘটনার সময় বাবলু বসাক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে এসে তারা দেখেন, বাড়ির ভেতরে সমস্তকিছু তছনছ হয়ে রয়েছে। বাবলু বসাকের দাবি, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বাবলু বসাক বলেন, কিছুদিন আগেও একইভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছিল। বৃহস্পতিবার যারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনি।আমি তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ায় পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।





