শিলিগুড়ি: দুর্গাপুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হল শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগর এলাকায়। এক জমির মালিক ও প্রোমোটারের কাছে দুর্গাপুজোর জন্য দেড় লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে ভারত নগর অ্যাথলেটিক ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, ওই জমির মালিকের কাছে প্রথমে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।
জমির মালিক ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও ক্লাবের কয়েকজন সদস্য পুরো দেড় লক্ষ টাকা দেওয়ার দাবিতে অনড় থাকেন বলে অভিযোগ। শুক্রবার সেই দাবিকে কেন্দ্র করে কয়েকজন ক্লাব সদস্য নির্মীয়মাণ আবাসনটিতে উপস্থিত হন। জমির মালিক রতন পালের অভিযোগ, দাবি অনুযায়ী টাকা দিতে রাজি না হওয়ায় আবাসনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে কর্মরত মিস্ত্রিদের কাজ বন্ধ রাখার কথা বলা হয়।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জমির মালিক জানান, তাঁর কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, চাঁদার পুরো টাকা দিতে না পারায় এদিন সকালে কয়েকজন ক্লাব সদস্য নির্মাণস্থলে এসে কাজ বন্ধ করিয়ে দেন। বিষয়টি নিয়ে আগামী দিনে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।
অন্যদিকে, সংশ্লিষ্ট ক্লাবের সম্পাদক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ক্লাবের পক্ষ থেকে কারও কাছে এই ধরনের টাকা চাওয়া হয়নি এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।




