শিলিগুড়ি, ২ অক্টোবরঃ ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে মাটিগাড়া এলাকায় এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মহিলা থানার পুলিশ।ধৃতের নাম ইয়াকুব আলী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইয়াকুব আলী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এক মহিলাকে ভালো বেতন ও কাজের প্রতিশ্রুতি দেয়। এরপর তাকে মাটিগাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে বন্দী করে রাখে।
অভিযোগ, ইয়াকুব আলী তাকে একাধিকবার ধর্ষণ করে। মহিলা জানান, অভিযুক্ত তাকে হুমকি ও মারধরও করে।তাকে ১৫ দিনেরও বেশি সময় ধরে বন্দী করে রাখা হয়েছিল। অবশেষে মহিলা কোনোভাবে অভিযুক্তের কবল থেকে পালাতে সক্ষম হয় এবং গত ২৯ সেপ্টেম্বর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিশ তদন্তে নেমে ইয়াকুব আলীকে গ্রেফতার করে। ধর্ষণ সহ বিভিন্ন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





