শিলিগুড়ি, ২ অক্টোবরঃ মাটিগাড়া থানা এলাকায় অবসরপ্রাপ্ত ডিএসপি’র বাড়িতে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম লক্ষ্মী চাঁদ সাও। রায়গঞ্জের বাসিন্দা।এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার তিনজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ আগস্ট শিবমন্দিরের সারদাপল্লি এলাকায় অবসরপ্রাপ্ত ডিএসপি হেমন্ত দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, বাড়িতে ঢুকে রুপোর গয়না, পিতল ও কাঁসার সামগ্রী এবং নগদ প্রায় ২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা ধীরজ সাওকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার বাইপাস রোড এলাকার বাসিন্দা গুলশন খাতুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রায় ১০ কেজি ৫০০ গ্রাম পিতল ও কাঁসার সামগ্রী উদ্ধার হয়। এরপর গুলশন খাতুনকেও গ্রেফতার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ধীরজ চুরি হওয়া রুপোর সামগ্রী তার ভাই লক্ষ্মী চাঁদ সাওয়ের কাছে দিয়েছিল। এরপর গতকাল রাতে রায়গঞ্জ থেকে লক্ষ্মী চাঁদ সাওকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে গরুহাট এলাকায় একটি নির্জন জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা রুপোর সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত লক্ষ্মী চাঁদ সাওকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





