শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ সামান্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জ্যোতিনগর এলাকায়। লাঠিচার্জ করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে প্রথমে এক ব্যক্তির মাথায় আঘাত লাগে।তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়।
স্থানীয়দের দাবি, পুলিশ পৌঁছনোর পর বাসিন্দাদের একাংশের তরফে মূল অভিযুক্তকে আটক করার আবেদন জানানো হয়। তবে অভিযোগ, নির্দিষ্ট ব্যক্তিকে আটক করার পরিবর্তে আচমকাই পুলিশ সাধারণ বাসিন্দাদের উপর লাঠিচার্জ শুরু করে।
স্থানীয়দের আরও অভিযোগ, পথচলতি যুবক থেকে শুরু করে মহিলাদেরও মারধর করা হয়। পুলিশের গাড়ির চালকও কয়েকজন বাসিন্দার সঙ্গে ধস্তাধস্তি ও মারধরে জড়িয়ে পড়েন। এরই মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, সেই সময় রাজেশ পাসোয়ান নামে এক প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে এসে নিখিল পাসোয়ানের ঘাড়ে আঘাত করেন। ঘটনায় গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিখিল পাসোয়ানের স্ত্রী জানান, ঘটনার সময় তিনি বাথরুমে ছিলেন। বাইরে চিৎকার শুনে বেরিয়ে এসে দেখতে পান, তার স্বামীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিবাদ মেটাতে এসে পুলিশের ভূমিকা নিয়েই পাল্টা প্রশ্ন উঠছে।গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





