শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য, ইতিহাস এবং আকর্ষণকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সেই লক্ষ্যেই শনিবার সকালে সুকনা স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মহোৎসবের উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
এদিন সকালে সুকনা স্টেশনে পৌঁছনোর পর মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করার পাশাপাশি তিনি একটি বিশেষ ফটো গ্যালারিরও উদ্বোধন করেন। এই ফটো গ্যালারিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সুদীর্ঘ ইতিহাস এবং অতীতের স্মৃতি তুলে ধরতে পুরনো দিনের বিভিন্ন ট্রেনের ছবি সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি রেল পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জামও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এরফলে পর্যটক, রেলপ্রেমী এবং ইতিহাসের প্রতি আগ্রহী মানুষজন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অতীতের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন।
সুকনা স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করার পর এদিন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সেখানে একটি ভিউ পয়েন্ট এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ব্যারাকের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রেলের পরিষেবা, পরিকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথাও রয়েছে।
এদিন জেনারেল ম্যানেজার জানান, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে কোচগুলি নতুনভাবে সাজানোর পাশাপাশি আরও কিছু নতুন জয়রাইড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।





