শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ গরু চুরির অভিযোগে শিলিগুড়িতে পিটিয়ে মারার অভিযোগ উঠল। মারধরে আশঙ্কাজনক অবস্থা আরও কয়েকজনের।
জানা গিয়েছে, শনিবার ভোররাতে পিকআপ নিয়ে গরু চুরি করতে ভোররাতে বাগডোগরার তারাবাড়ি এলাকায় ঢুকেছিল ৫ জনের একটি দল।
যুবকেরা এলাকায় আসতেই টের পান স্থানীয়রা। পিকআপ ভ্যানে গরু ওঠানোর সময় স্থানীয়রা ধরে ফেলেন তাদের। এর পরেই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আরেকটি গাড়িতে ঘটনাস্থলে পৌঁছায় কয়েকজন। তারা আসতেই স্থানীয়রা তাদের ধরে ফেলেন। এরপর চলে মারধর।মারধরে মৃত্যু হয় এক যুবকের।
পাশাপাশি আরও ৩ জনকে ধরে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ। তারা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ির পুলিশ। সকাল থেকেই ঘটনাস্থল থেকে আগুনে ভস্মীভূত পিকআপ উদ্ধার করার পাশাপাশি ভাঙচুর গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





