ফুলবাড়ি, ৩ অক্টোবরঃ পাঁচদিন ধরে নিখোঁজ ৭০ বছরের এক বৃদ্ধা, হন্যে হয়ে খোঁজ পরিবারের। শিলিগুড়ির এনজেপি গেটবাজার এলাকা থেকে নিখোঁজ হন ৭০ বছরের বৃদ্ধা লক্ষ্মী মালি। গত মঙ্গলবার কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পাঁচদিন কেটে গেলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী মালির নিজস্ব বাড়ি ফালাকাটার জলদাপাড়া এলাকায়। প্রায় একমাস আগে চিকিৎসার জন্য তিনি গেটবাজারে তার ছেলের বাড়িতে আসেন। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।এরপর থেকেই তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।
বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পাশাপাশি ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পাঁচদিন ধরে বৃদ্ধার কোনও সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছে গোটা পরিবার।
লক্ষ্মী মালিকে কোথাও দেখতে পেলে অনুগ্রহ করে 82508-97676 এই ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় খবর দিন।





