শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে বুধবার শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া, বৈকুণ্ঠপুর বন বিভাগ এবং নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিস্তা নদী থেকে হাতিশাবক উদ্ধার করা ফ্রন্টলাইন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মানিত করা হয়।
WTI-এর ‘গজ উৎসব’ কর্মসূচির আওতায়, তিস্তা নদী থেকে হাতিশাবকটিকে নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ২৪ জনকে ‘গজ মিত্র পুরস্কার’ প্রদান করা হয়।বন দপ্তরের কর্মী, স্থানীয় মৎস্যজীবী এবং তিস্তা ব্যারেজের গেটম্যানরা এই পুরষ্কার পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও মুদিত কুমার, বেঙ্গল সাফারির অধিকর্তা ই বিজয় কুমার এবং নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুজিৎ বসু-সহ অন্যান্যরা।
বেঙ্গল সাফারির ডিরেক্টর বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তর, স্থানীয় মানুষ, ফ্রন্টলাইন কর্মী এবং সংরক্ষণমূলক সংগঠনগুলির মধ্যে আরও ভালো সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন মানব-হাতি সংঘাত নিয়েও সচেতনতামূলক আলোচনা হয়। হাতির আচরণ বোঝা, মানব-হাতি সংঘাত কমানো, সংরক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং মানুষ ও হাতির সহাবস্থান আরও শক্তিশালী করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।





