শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ দুর্গাপুজোর আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পুজোমণ্ডপ ও প্রতিমা নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। বুধবার মহানন্দা নদীর প্রতিমা নিরঞ্জন ঘাট সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ ঘুরে দেখেন তিনি।
এদিন পুলিশ কমিশনারের সঙ্গে পরিদর্শনে ছিলেন এসিপি রবিন থাপা, এসিপি চন্দন দাস, এসিপি সুবীর দত্ত-সহ বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি এবং একাধিক থানার আইসি ও ওসি। এছাড়াও বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এদিন প্রথমে মহানন্দা নদীর প্রতিমা নিরঞ্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। ঘাটে পৌঁছনোর রাস্তা, দর্শনার্থীদের যাতায়াত এবং বিসর্জনের সময় সম্ভাব্য যানজট ও নিরাপত্তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কমিশনার।
এরপর সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। মণ্ডপে প্রবেশ ও বেরোনোর সময় ভিড় নিয়ন্ত্রণ এবং যানজট মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি সুব্রত সংঘ, দাদাভাই ক্লাব, রথখোলা-সহ শহরের আরও কয়েকটি পুজোমণ্ডপ পরিদর্শন করা হয়। দুর্গাপুজোর দিনগুলিতে শহরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিদর্শন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





