শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ ভালো ভবিষ্যৎ ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে হিমাচল প্রদেশের ছয় বছরের এক শিশুকে খড়িবাড়িতে নিজের বাড়িতে নিয়ে এসে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সুনীল ওরাওঁকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ির পকসো আদালত।
অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা হয়েছে।জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি নির্যাতিতাকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, এই মামলাটি ২০২৪ সালের আগস্ট মাসের। অভিযোগ, হিমাচল প্রদেশে কর্মরত থাকাকালীন সুনীল ওরাওঁ এক পরিচিত মহিলার ছয় বছরের মেয়ের উন্নত ভবিষ্যৎ ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে খড়িবাড়িতে নিজের বাড়িতে নিয়ে আসে।অভিযুক্তের স্ত্রী লক্ষ্মী ওরাওঁ তাকে শিশুটিকে ধর্ষণ করতে দেখেন বলে অভিযোগ।
এরপর তিনি খড়িবাড়ি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সুনীল ওরাওঁকে গ্রেফতার করে পুলিশ।মামলা চলাকালীন প্রায় ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়।প্রায় দুই বছর ধরে মামলা চলার পর, আদালত উপযুক্ত তথ্য প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করে।





