শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি থেকে অপহরণ হওয়া ৮ বছরের এক নাবালিকাকে ছয় ঘণ্টার মধ্যেই শীতলকুচি থেকে উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ।এই ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার ২ জন।ধৃতদের নাম পূজা দাস এবং নজরুল ইসলাম।পূজা দাস চম্পাসারি এবং নজরুল কোচবিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবালিকা স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।চম্পাসারি থেকে কিছুদূর যেতেই নাবালিকার পূজা দাসের সঙ্গে দেখা হয়।সেইসময় নাবালিকাকে ফুঁসলিয়ে গাড়িতে বসিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় মহিলা।এদিকে স্কুল ছুটি হওয়ার পরও মেয়ে বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে পরিবার।কোন খোঁজখবর না পেয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চম্পাসারি এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।সেখানে এক মহিলার সঙ্গে নাবালিকাকে দেখা যায়।খোঁজখবর নিয়ে মহিলার নাম ও পরিচয় জানতে পারে পুলিশ।এরপর মহিলার মোবাইল নম্বর ট্র্যাক করে জানা যায় তারা শীতলকুচিতে রয়েছে।





