শিলিগুড়ি, ২৯ আগস্টঃ মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী সমর মণ্ডলকে নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। এখনও মেলেনি খোঁজ।এই অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমর মন্ডলের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পরিবারটিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, নেপালের ভয়াবহ দুর্যোগে পশ্চিমবঙ্গের প্রায় ৩০ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। রাজ্য সরকার নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে তথ্য জানাচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমর মণ্ডলের পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং তাদের ফেরানোর জন্য সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এদিকে শুক্রবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, এসিপি রবিন থাপা, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি এবং আশিঘর ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার সমর মণ্ডলের বাড়িতে যান। পরিবারের সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন পুলিশ আধিকারিকেরা।
প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন পুলিশ কমিশনার। তিনি জানান, সমর মন্ডলকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চলছে।
