শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মহাপঞ্চমীর সকালে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘উত্তরণ’। উত্তরবঙ্গ হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটির সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শিলিগুড়িতে পুজো পরিক্রমার আয়োজন করা হল।
এই পুজো পরিক্রমায় প্রায় ২৯০ জন শিশু ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। শিলিগুড়ি শহরের মোট ১৪টি পুজো মন্ডপ ঘুরে দেখানো হবে তাদের।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিশেষভাবে সাজানো বাসগুলির যাত্রার সূচনা হয়। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের প্রতিনিধিরা পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রার সূচনা করেন। শিশুদের মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সারাদিনের খাওয়াদাওয়া ও আনন্দের নানা ব্যবস্থাও করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী।
পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, পুজো শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ কিংবা ক্লাবকেন্দ্রিক উৎসব নয়। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বয়স্ক মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই উৎসবের প্রকৃত সার্থকতা। প্রত্যেকের জীবনে যাতে উৎসবের আনন্দ পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন পুজো পরিক্রমায় অংশ নেওয়া শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপ সরাসরি দেখার পাশাপাশি বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে খুশি তারা।





