শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ দূর্গাপুজোর আনন্দের মাঝেই জমি বিবাদের জেরে শেষ মুহূর্তে পুজোর স্থান পরিবর্তন করতে বাধ্য হল শিলিগুড়ির প্রধাননগরের নবাঙ্কুর দুর্গাপুজো কমিটি।
বিতর্কিত জমির উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারির পর পুরনো পুজোস্থলে তৈরি মন্ডপ খুলে ফেলতে হয়েছে উদ্যোক্তাদের। এখন নতুন জায়গায় মা দুর্গার পুজো আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত কমিটির সদস্যরা।
নবাঙ্কুর দুর্গাপুজো কমিটি গত ৫১ বছর ধরে পুরনো স্থানেই পুজোর আয়োজন করে আসছে। চলতি বছরে ৫২তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। প্রতি বছরের মতো এবারও খুঁটিপুজোর পর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল। তৃতীয়ার দিন মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনাও ছিল উদ্যোক্তাদের। কিন্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে শেষ মুহূর্তে সমস্ত প্রস্তুতি বিফলে যায়।
জানা গিয়েছে, পুরনো পুজোস্থলের জমি নিয়ে বিবাদ গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। পরবর্তীতে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জমির মালিকপক্ষ।গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারির পর পুরনো জায়গায় তৈরি মন্ডপ খুলে ফেলতে হয় পুজো কমিটিকে।
শেষ মুহূর্তে পুজোর স্থান পরিবর্তনের মতো বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েও পুজো আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসেননি উদ্যোক্তারা।নতুন জায়গায় পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে মণ্ডপ নির্মাণ-সহ অন্যান্য প্রস্তুতির কাজ চলছে।তবে পুজোর আগে তৈরি মণ্ডপ খুলে ফেলতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।





