শিলিগুড়ি, ৪ অক্টোবর: পুজোর আগে মাদক পাচারের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত। শনিবার সন্ধ্যায় এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে জংশন এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার পাচারের ছক বানচাল করে। ঘটনায় বালুরঘাটের এক দম্পতি-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জংশন এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় তিনটি প্যাকেটে মোট ৭৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
ধৃত তিনজনের নাম সাধন রায়, তার স্ত্রী অঞ্জলি কর্মকার এবং কনক কান্তি রায়। পুলিশ সূত্রে খবর, তিনজনই বালুরঘাট থেকে শিলিগুড়িতে আসে। জংশনের ব্যস্ত এলাকায় মাদক সরবরাহের করার পরিকল্পনা ছিল তাদের।তবে তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





