শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ মাটিগাড়ার পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস নির্মাণ প্রকল্পের শিলান্যাস হল।এদিন এই প্রকল্পের শিলান্যাস করেন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ।
পরিবহণ নগরের প্রায় ৩০ শতাংশ জমিতে এই বাস টার্মিনাস তৈরি করা হবে।নতুন টার্মিনাসটি চালু হলে শহরের বিভিন্ন প্রান্তে বাসের চাপ কমবে এবং যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন প্রশাসন।
শিলান্যাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, জংশনে বর্তমানে যে বাসস্ট্যান্ড রয়েছে, আপাতত সেটি চালু থাকবে। মাটিগাড়া পরিবহণ নগরের নতুন বাস টার্মিনাস পুরোপুরিভাবে চালু হওয়ার পর জংশনের বাসস্ট্যান্ড নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি নৌকাঘাটে যে ছোট বাসস্ট্যান্ডটি রয়েছে, সেটিকেও যাতে আরও বেশি এবং পর্যাপ্তভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তারা।




