শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ ঝাড়ফুঁকের নাম করে যুবতীকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য শান্তিনগর এলাকায়। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।ধৃতের নাম সোমনাথ বারুই।
জানা গিয়েছে, মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া থাকতেন ব্যক্তি। অভিযোগ, গতকাল বিভিন্ন অছিলায় যুবতী এবং তার মাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান অভিযুক্ত। এরপর ঝাড়ফুঁক করার কথা বলে যুবতীকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তার মাকে বাইরে থাকতে বলা হয়।
অভিযোগ, ঘরের ভেতরে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।পরে কোনক্রমে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায় যুবতী।
এরপর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের গোটা বিষয়টি জানায় যুবতী। ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে মারধর করেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে সোমনাথ বারুইকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।




