শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ দূর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সাতটি স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ ও ১২ অক্টোবর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে দুদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই অনুষ্ঠান নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইনস্পেকশন বাংলোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, শিলিগুড়ির মহকুমাশাসক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
মন্ত্রী শংকর ঘোষ জানান, ১১ অক্টোবর বিশিষ্ট সঙ্গীতশিল্পী তীর্থ ভট্টাচার্য এবং ১২ অক্টোবর জনপ্রিয় সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন আঞ্চলিক ব্যান্ড ও শিল্পীরা এই দুদিনের অনুষ্ঠানে অংশ নেবেন।
দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মোট সাতটি স্থানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তারই আদলে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগে রাজ্য সরকারের বহু অনুষ্ঠান মূলত কলকাতা কেন্দ্রিক ছিল। কিন্তু বর্তমান সরকার সমবণ্টনের নীতি অনুসরণ করে রাজ্যের বিভিন্ন জেলায় ও শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে, যাতে রাজ্যের সর্বস্তরের মানুষ এই উদ্যোগের অংশ হতে পারেন।





