শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ সাইবার প্রতারণার টাকা লেনদেনের অভিযোগে শিলিগুড়ির বিভিন্ন ব্যাংকের ৪৯টি অ্যাকাউন্ট পুলিশের তদন্তের আওতায় এসেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।ধৃতদের নাম অজয় রায় ও রাজ কুমার সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর তরফে পাওয়া হটস্পট অ্যালার্টের ভিত্তিতে শিলিগুড়ির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা লেনদেনের বিষয়টি সামনে আসে। প্রাথমিক তদন্তে প্রায় ৪৪ লক্ষ ২৬ হাজার ৭০৫ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ মেলে।
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার এসআই সূরজ কুমার ছেত্রীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হয়। সেই তদন্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখার ৩৮টি অ্যাকাউন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৬টি অ্যাকাউন্ট এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এসএফ রোড শাখার ৫টি অ্যাকাউন্ট সন্দেহের তালিকায় উঠে আসে।
তদন্তকারীদের আশঙ্কা, সাইবার প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে জমা করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছিল। এই মামলার তদন্তে নেমেই অজয় রায় ও রাজ কুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ। সাইবার প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশ।





