শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ প্রধাননগর থানার নতুন আইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জয় দাস।অন্যদিকে বিদায়ী আইসি বাসুদেব সরকারকে বজবজ থানায় বদলি করা হয়েছে।
সঞ্জয় দাস এর আগে দার্জিলিং ও কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। এদিন বিদায়ী আইসি বাসুদেব সরকার নতুন আইসি সঞ্জয় দাসের হাতে থানার দায়িত্বভার তুলে দেন।
দায়িত্বভার গ্রহণের পর থানার পুলিশ আধিকারিক, কর্মী ও অ্যান্টি ক্রাইম উইংয়ের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নতুন আইসি। বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, মাদক কারবার ও অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
তেনজিং নোরগে বাস টার্মিনাস, শিলিগুড়ি জংশন, সিকিম বাসস্ট্যান্ড ও রেগুলেটেড মার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশি নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তার।পাশাপাশি এদিন থানা চত্বর ও সিসিটিভি কন্ট্রোল রুমও পরিদর্শন করেন সঞ্জয় দাস।
নতুন আইসি জানিয়েছেন, থানা এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।





