শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ভাঙা হল শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় অবস্থিত একটি পুরনো বাড়ির একটি অংশ।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটির একটি অংশ নিয়ে বহুদিন ধরেই মালিক পক্ষের মধ্যে বিবাদ চলছিল। জমির ভাগাভাগি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে বিষয়টি আদালতে পৌঁছয়। পরবর্তীতে হাইকোর্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ির বিতর্কিত অংশ খালি করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী বাড়ির মালিককে এক মাসের সময় দেওয়া হয়েছিল।
অভিযোগ, নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ অংশ ভাঙা না হওয়ায় শনিবার শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ভাঙার কাজ শুরু করে।
বাড়ি মালিকের দাবি, বহু বছর আগে জমি ভাগাভাগির সময় কিছু ত্রুটি থেকেই এই জটিলতার সূত্রপাত। সেই কারণেই পরে আইনি লড়াই শুরু হয় এবং তারই পরিণতিতে আজ বাড়ির একাংশ ভাঙতে হল। তিনি জানান, আদালতের নির্দেশ মেনে নিলেও আরও কিছুটা সময় পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
অন্যদিকে পুরনিগম সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ এবং পূর্বে জারি করা নোটিশের সময়সীমা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।





