শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ ধারালো অস্ত্র দিয়ে যুবককে আঘাত।এরপর স্থানীয়দের হাতে ধরা পড়ার ভয়ে গাছে উঠে পড়লো অভিযুক্ত যুবক। শনিবার রাতে শিলিগুড়ির ঘোঘোমালি এলাকার চয়নপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ১৯ বছর বয়সী এক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ধরা পড়ার ভয়ে একটি গাছে উঠে পড়ে সে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর গাছ থেকে অভিযুক্ত যুবককে নামিয়ে নিয়ে আসা হয়। পরে তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত যুবক প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে। এর আগেও সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।





