শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ শিলিগুড়ির জংশনের একটি হোটেল থেকে, কর্ণাটক পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। শনিবার ভোরে ইসলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকে কোটি টাকার ডাকাতির মামলায় গত ২৪ নভেম্বর মাটিগাড়া এলাকা থেকে সুজন লাখান্ডারি ওরফে সন্তোষ বাকার্ডি’কে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। এরপর ট্রানজিট রিমান্ডের জন্য তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতি পাওয়ার পর অভিযুক্তকে নিয়ে শিলিগুড়ি জংশনের একটি বেসরকারি হোটেলে ওঠে কর্ণাটক পুলিশের দল।
সেখানেই গত ২৫ নভেম্বর বাথরুমে যাওয়ার কথা বলে সুযোগ বুঝে জানালা ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ হেফাজত থেকে তার পালানোর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। কর্ণাটক পুলিশের তরফে তল্লাশি চালানো হলেও তার কোনও সন্ধান মেলেনি। পরে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে কর্ণাটক পুলিশ।
অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক দল অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তবে বারবার পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিল সে। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তার সন্ধান পায় প্রধাননগর থানার পুলিশ। শনিবার ভোরে ইসলামপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।
গ্রেফতারের পর ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তের গ্রেফতারির খবর কর্ণাটক পুলিশকেও জানানো হয়েছে।





