শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ এনজেপি রেলস্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস থেকে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করলো জিআরপি এসওজি ও এনজেপি জিআরপির যৌথ দল। এই ঘটনায় অসমের চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।ধৃতদের নাম জনত বারিক, তাপস দাস, অমন দে ও সন্দীপ সরকার।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ডিব্রুগড় থেকে অমৃত ভারত এক্সপ্রেসে করে ছাপরায় গাঁজা পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি এসওজি ও এনজেপি জিআরপির যৌথ দল অভিযান চালায়। এনজেপি স্টেশনে ট্রেন পৌঁছতেই সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে মোট ১৩টি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগগুলিতে ১১৬টি প্যাকেটে গাঁজা রাখা ছিল। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় দেড় কুইন্টাল বলে জানা গিয়েছে।
ঘটনার পর চার অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাদের গ্রেফতার করে এনজেপি জিআরপি।
জিআরপির এসআরপি ইন্দ্র বদন ঝা জানান, অভিযানে অমৃত ভারত এক্সপ্রেস থেকে ১১৬টি প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে বেশকিছুদিন ধরে বিশেষ নজরদারি চালাচ্ছে জিআরপি। গত ছয় মাসে মাদক পাচার সংক্রান্ত মোট ৮০টি মামলা নথিভুক্ত হয়েছে। ধৃত চারজনকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।





