শিলিগুড়ি, ৮ অক্টোবর: কালিম্পংয়ে দোকান থেকে দেড় লক্ষ টাকা চুরির ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। কালিম্পং পুলিশের অভিযানে প্রধাননগর থানার সহযোগিতায় বুধবার রাতে জংশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরির টাকা দিয়ে কেনা একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর কালিম্পংয়ের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, এই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল। চুরির পর তাদের মধ্যে দুই অভিযুক্ত শিলিগুড়িতে এসে জংশন এলাকায় আত্মগোপন করে।
গোপন সূত্রে খবর পেয়ে কালিম্পং পুলিশের একটি দল প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতে জংশন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই অমন বরদেওয়া এবং লোপশাং তামাং কে গ্রেফতার করা হয়। দুজনই কালিম্পংয়ের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, চুরি করা টাকা দিয়ে বাইক কিনেছিল অভিযুক্তরা। এরপর শিলিগুড়িতে এসে তারা আত্মগোপন করে। ধৃতদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং ওই বাইকটি উদ্ধার করা হয়েছে।
দুই অভিযুক্তকে কালিম্পং নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত বাকি একজনের সন্ধানে তদন্ত চলছে।





