শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী তথা শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি শঙ্কর ঘোষ।
এদিন সকালে মন্ত্রীকে স্বাগত জানানোর পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষাকর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। এদিন কলেজের বার্ষিক পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।
শঙ্কর ঘোষ বলেন, আগামী ১০ বছরে শিলিগুড়ি কলেজকে আরও উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। কলেজের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং সার্বিক উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হবে।





