শিলিগুড়ি,১৩ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবছর ২০তম বর্ষের গণেশ পুজোর প্রস্তুতি শুরু হল।
বৃহস্পতিবার বিধান মার্কেট অটো স্ট্যান্ডে খুঁটি পুজো করা হয়। উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।
এবারের পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। দক্ষিণ ভারতের জনপ্রিয় লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে নির্মিত হবে এবারের পুজো মণ্ডপ।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবছরও এই পুজো শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলেই আশাবাদী তারা। প্রায় সাত দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন থাকবে নানা ধর্মীয় আয়োজন ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা।
সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই পুজো কমিটি। পুজো উপলক্ষে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অনাথ আশ্রমে আর্থিক সহযোগিতার মতো মানবিক উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
