শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে এক পড়ুয়াকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজল পাসওয়ান ওরফে রাজকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এনজেপি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুভজিৎ মোদককে শ্বাসরোধ করে খুনের জন্য ব্যবহৃত বেল্টটিও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, মাটিগাড়ার শিমুলতলা এলাকার দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদক গত শনিবার থেকে নিখোঁজ ছিল। তিনদিন পর সোমবার গভীর রাতে সুকনার জঙ্গল থেকে শুভজিতের দেহ উদ্ধার করা হয়।পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল।মৃতদেহ উদ্ধারের পর মৃতের পরিবার এবং স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং অভিযুক্তদের ফাঁসির সাজার দাবি তোলে।এরপরই অবশেষে গতকাল রাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
