রাজগঞ্জ, ১৬ নভেম্বরঃ রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি এলাকায়।
অভিযোগ, এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে একাধিক পোস্টার লাগানো হয়েছিল। রাতে দুষ্কৃতীরা সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে এবং পাশাপাশি দলীয় পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের।
রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তার দাবি, বিজেপির দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় আমাদের দলের পোস্টার ছিঁড়ে ফেলছে। আজ বাঁশবাড়ি এলাকাতেও একই ঘটনা ঘটেছে। শুধু পোস্টার নয়, দলীয় পতাকাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
