রাজগঞ্জ ২১ আগষ্টঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজগঞ্জে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা উপভোক্তা।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু মহিলা এসে বিডিও অফিসের সামনে জড়ো হন। পরে তারা বিডিও অফিসের সামনের রাস্তা ও মূল গেট আটকে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, একাধিকবার আবেদন করেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তাদের দাবি, অনেক অযোগ্য উপভোক্তা টাকা পেলেও যোগ্য হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, আগে নিয়মিত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না। আবার অনেকেই একবার টাকা পাওয়ার পর আর টাকা পাননি।
বিক্ষোভকারীদের দাবি, সমস্যা নিয়ে বিডিও অফিসে একাধিকবার যোগাযোগ করেও তারা সন্তোষজনক উত্তর পাননি। যোগ্য সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে হবে। এই দাবিতেই এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলারা।
