শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, মহিলা গত কয়েকদিন ধরে দার্জিলিং মোড় এলাকায় থাকছিল। স্থানীয় দোকানদারদের কাছে সাহায্য চেয়ে কোনওরকমে দিন কাটাচ্ছিলেন তিনি। তবে এলাকার কোনও দোকানদারই তার পরিচয় জানতেন না বলে জানা গিয়েছে।
রবিবার আচমকাই দার্জিলিং মোড় সংলগ্ন রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যান ওই মহিলা। তাকে এই অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয় দোকানদারদের। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





