ময়নাগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কা।দুর্ঘটনায় গুরুতর জখম হলেন পিকআপ ভ্যানের চালক ও খালাসী। সোমবার ভোরে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির দোমহানী মোড় সংলগ্ন জাতীয় সড়কে।দুর্ঘটনার পর মাছ কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের।
জানা গিয়েছে, মাছবোঝাই পিকআপ ভ্যানটি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকে পড়েন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর চালককে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত খালাসিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার জেরে রাস্তার উপর ছড়িয়ে পড়ে প্রচুর মাছ।এরপরই মাছ কুড়োতে ভিড় পড়ে যায়।





