রাজগঞ্জ, ৮ অক্টোবরঃ একই রাতে ফুলবাড়ি ও বেলাকোবায় পরপর দুটি দুর্ঘটনা, গুরুতর আহত দুই।
প্রথম দুর্ঘটনাটি ঘটে আমবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানেল রাস্তায়। জানা গিয়েছে, ফুলবাড়ি সংলগ্ন পুটিমারি লক্ষ্মীজোত এলাকার বাসিন্দা সাতালু রায় স্কুটি নিয়ে ফুলবাড়ির দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী চারচাকা গাড়ির সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাওয়াপাড়া ট্রাফিক পুলিশ ও এনজেপি থানার পুলিশ। আহত সাতালু রায়কে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
এরপর বেলাকোবায় ঘটে আরও একটি দুর্ঘটনা। শিকারপুর হাট থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে মালবাহী ছয় চাকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অজিত বণিক। তার বাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। পেশায় তিনি লটারি বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিকারপুর হাট থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন অজিত। বেলাকোবার বাবুপাড়া মসজিদের সামনে মাজাবাড়ির দিক থেকে আসা একটি মালবাহী ছয় চাকার গাড়ি বটতলার দিকে ঘোরার সময় তার বাইকে ধাক্কা মারে। ধাক্কার পর বাইকটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি। ছিটকে পড়ে গুরুতর আহত হন অজিত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহত অজিত বণিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





