শিলিগুড়ি, ২ অক্টোবরঃ পুজোর আগে শহরের রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজের গুণমান খতিয়ে দেখতে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আর বিমলা। শুক্রবার সকাল থেকেই পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় বিভিন্ন এলাকায় চলতে থাকা রাস্তার কাজের গুণমান খতিয়ে দেখার পাশাপাশি ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজও খতিয়ে দেখেন প্রশাসক।কাজের গুণমান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় চলতে থাকা আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজও পরিদর্শন করেন আর বিমলা। পুজোর আগে রাস্তার কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা যাতে তৈরি না হয়, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন তিনি।
বিদ্যুৎ সরবরাহ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর আগে নতুন করে কোনও রাস্তা খোঁড়া যাবে না। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে প্রশাসকের এই পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও সক্রিয় ছিলেন।




