শিলিগুড়ি,২৯ আগস্টঃ শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও নির্মাণ সংক্রান্ত অনিয়ম রুখতে শনিবার অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। পুর কমিশনারের নেতৃত্বে সেবক রোড থেকে শুরু হয় এই অভিযান।
অভিযান চলাকালীন বাড়ি ও দোকানের সামনে নোংরা আবর্জনা ফেলে রাখার অভিযোগে একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। এরপর সেবক রোডের ‘মাখন ভোগ’ মিষ্টির দোকানের কারখানায় হানা দেওয়া হয়। সেখানে একাধিক অনিয়ম ধরা পড়ে। অভিযোগ, মিষ্টি তৈরিতে ব্যবহৃত ঘিয়ের মধ্যে মৃত পোকামাকড় পাওয়া যায়। এর জেরে সঙ্গে সঙ্গেই কারখানা সিল করে দেয় পুরনিগম কর্তৃপক্ষ।
পাশাপাশি, কারখানা কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় নথি পুরনিগমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মোটা অঙ্কের জরিমানার কথাও জানানো হয়েছে।
পরবর্তীতে পাঞ্জাবিপাড়ায় অভিযান চালিয়ে একটি বহুতল নির্মাণস্থলে অভিযান চালানো হয়।সেখানে নির্মাণের কোনো বৈধ নথি দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও ওই বহুতলের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা বিপুল পরিমাণ জলে ডেঙ্গুর আশঙ্কা বাড়াতে পারে বলে মত পুরনিগমের। সেই কারণে নির্মাণকারী সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
পুরনিগম সূত্রে খবর, শহরজুড়ে এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।
