শিলিগুড়ি, ৪ অক্টোবর: শিলিগুড়ির চাঁদমুনি এলাকা থেকে ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা।শিলিগুড়ির এসএফ রোডে দমকল দফতরের সামনে ডিভাইডারে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মৃত যুবকের নাম রাহুল দেবনাথ। শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একই বাইকে করে এসএফ রোড দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। বাইকের গতি বেশি থাকায় দমকল দফতরের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে তিন যুবকই গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খালপাড়া ফাঁড়ির পুলিশ। আহত তিনজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে। অন্য দুই যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়।বর্তমানে আহত একজন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং অন্যজনের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





