শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের সঙ্গে পুলিশ কর্মীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় রোগীর পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনার সূত্রপাত হয়। জানা গিয়েছে, ওই সময় জরুরি বিভাগে কোনও কর্মী উপস্থিত না থাকায় রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই বিষয়কে কেন্দ্র করেই হাসপাতাল চত্বরে প্রথমে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
কিন্তু অভিযোগ, সেই সময় রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশকর্মীদেরও কথা কাটাকাটি শুরু হয়। ক্রমশ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশকর্মীদের উপরেও চড়াও হন রোগীর পরিবারের সদস্যরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশকর্মীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
সেই তদন্তের সূত্র ধরেই রোগীর পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম বিজয় ঘোষ। তিনি শিলিগুড়ির শান্তিনগর এলাকার বাসিন্দা। অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হওয়ার খবর সামনে এসেছে।





