শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ দুই দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। মঙ্গলবার মহানন্দা ব্রিজ থেকে মিছিল করে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা।
সিপিআইএম এর দাবী, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগও তোলা হয়। তাকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম।
এদিন নেতৃত্বরা বলেন, ভোটার তালিকা ও গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।





