শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ সন্ধ্যে হলেই এলাকায় বসছে নেশার আসর। চলে অকথ্য ভাষায় গালিগালাজ। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারেন না মহিলারা। এবার সেই নেশার আসর ও গালিগালাজের প্রতিবাদ করায় খোদ মেয়রের ওয়ার্ডেই হামলার মুখে পড়তে হল এক পরিবারের সদস্যদের। এমনকি মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে মাদকাসক্তদের বিরুদ্ধে।
অভিযোগ সূর্যসেন কলোনি, মোড় বাজার সংলগ্ন রেল কোয়ার্টার এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকে কিছু যুবক নেশার আসর বসাচ্ছে।সোমবার রাতে স্থানীয় লোকনাথ মন্দিরের সামনে কিছু যুবক নেশার আসর বসানোর পাশাপাশি গালিগালাজ করছিল।
সেসময় প্রতিবাদ করায় দুই যুবককে মারধর করা হয়। পরে তাঁদের বাঁচাতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। মাদকাসক্ত যুবকদের হামলায় সন্ধ্যা সাহা, সুব্রত সাহা ও রঞ্জিত সাহা নামে তিনজন জখম হন। রঞ্জিত সাহার মাথায় মারা হয়। মঙ্গলবার রাতে এনজেপি থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।





